© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮ বছর বন্দি থাকার পর প্যারোলে মুক্তি শয্যাশায়ী মায়ের শিয়রে বাদল ফরাজী

শেয়ার করুন:
১৮ বছর বন্দি থাকার পর প্যারোলে মুক্তি শয্যাশায়ী মায়ের শিয়রে বাদল ফরাজী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫১ এএম | ২৫ নভেম্বর, ২০২৬

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশি প্রহরায় মোংলার নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ দেড় যুগ পর আদরের সন্তানকে কাছে পেয়ে শয্যাশায়ী অসুস্থ মা কান্নায় ভেঙে পড়েন।


তবে ছেলের ঘরে ফেরার পথ চেয়ে থাকতে থাকতেই চিরবিদায় নিয়েছেন বাদলের বাবা এস এইচ খালেক ফরাজী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সিদ্ধান্ত এবং দিল্লি হাইকোর্টের অনুমতির পরিপ্রেক্ষিতে প্যারোল নীতিমালা অনুযায়ী মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে মুক্তি দেয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। কারাগার থেকে মুক্তির পর কঠোর পুলিশি প্রহরায় তাকে বাগেরহাটের উদ্দেশ্যে পাঠানো হয়।

দুপুর আড়াইটার দিকে তিনি বাগেরহাট জেলা কারাগারে পৌঁছান।সেখানে প্রয়োজনীয় দাফতরিক আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১১টার দিকে মোংলার বাড়িতে পরিবারের জিম্মায় তাকে হস্তান্তর করে মোংলা থানা পুলিশ। আগামী চার সপ্তাহ তিনি পুলিশি নজরদারিতে পরিবারের সঙ্গে থাকবেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী বৃদ্ধা নির্মলা মাদান নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলায় দিল্লি পুলিশ নিহতের পলাতক গৃহকর্মী 'বাদল সিং' নামে এক ব্যক্তিকে খুঁজছিল। হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর, ওই বছরের ১৩ জুলাই তাজমহল দেখার উদ্দেশ্যে বৈধ পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন মোংলার তরুণ বাদল ফরাজী।

সীমান্ত পার হওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কেবল নামের মিলের কারণে তাকে আটক করে এবং দিল্লি পুলিশের পলাতক আসামি 'বাদল সিং' হিসেবে গ্রেফতার দেখায়। তখন বাদলের বয়স ছিল মাত্র ১৮ বছর।

গ্রেফতারের সময় হিন্দি ও ইংরেজি ভাষা না জানায় নিজের নির্দোষ হওয়ার বিষয়টি আদালতে তুলে ধরতে চরমভাবে ব্যর্থ হন বাদল। পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশন থেকে তার পাসপোর্ট, ভিসা এবং হত্যাকাণ্ডের দুই মাস পর বৈধভাবে ভারতে প্রবেশের অকাট্য নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু আইনি জটিলতা ও সাক্ষ্য-প্রমাণের দীর্ঘসূত্রতায় ২০১৫ সালে দিল্লির আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

জীবনের সোনালি ১৮টি বছর চার দেয়ালের ভেতরে কাটলেও দমে যাননি বাদল ফরাজী। ভারতের কুখ্যাত তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকাকালেই অদম্য ইচ্ছাশক্তিতে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন এবং কারাগারের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখেন।

পরবর্তীতে গণমাধ্যমে তার এই করুণ কাহিনি প্রকাশ পেলে মানবাধিকার কর্মী ও দুই দেশের সরকারের উদ্যোগে ২০১৮ সালের ৬ জুলাই 'ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

এরপর থেকে তিনি প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বাদল কারাগারে থাকাকালীন ছেলেকে এক নজর দেখার আকুতি নিয়েই মারা যান তার বাবা এস এইচ খালেক ফরাজী।

বর্তমানে তার বৃদ্ধ মা গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। মায়ের জীবন সায়াহ্নে শেষবারের মতো দেখা করার সুযোগ দিতেই মূলত এই প্যারোল মঞ্জুর করা হয়।

কেএন/

মন্তব্য করুন