প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
বাইশগজে বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার কোচিংয়ে নাম লেখাতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ আসরের জন্য ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকে দলটির দায়িত্বে থাকা ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন উইলিয়ামসন।
চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো উইলিয়ামসন ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। দলটির জার্সিতে ১৫ ম্যাচে তিনি করেছেন ৩৪৩ রান। খেলা ছাড়ার পর থেকেই কোচিংয়ের দিকে ঝুঁকতে শুরু করেন কিউই এই কিংবদন্তি। এর আগে গত বছরের অক্টোবরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। মজার ব্যাপার হলো, ২০২৭ মৌসুমের আগে ডারবান সুপার জায়ান্টস তাকে খেলোয়াড় হিসেবেও ধরে রেখেছিল (রিটেইন)।
ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। তবে দলটির কোচিং স্টাফের বাকি সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া উইলিয়ামসন চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
নিউজিল্যান্ডের ইতিহাসে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করেছেন তিনি। ১১০ ম্যাচে ৫৪.০৬ গড়ে করেছেন ৯ হাজার ৫১৫ রান। এ ছাড়া ১৭৫ ওয়ানডেতে ৭ হাজার ২৫৬ রান (নিউজিল্যান্ডের হয়ে চতুর্থ সর্বোচ্চ) এবং ৯৩ টি-টোয়েন্টিতে ২ হাজার ৫৭৫ রান (দ্বিতীয় সর্বোচ্চ) করেছেন তিনি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছিলেন উইলিয়ামসন।
উল্লেখ্য, সাবেক কোচ ল্যান্স ক্লুজনারের অধীনে চার মৌসুমের মধ্যে তিনবারই লিগ পর্ব থেকে বিদায় নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। তাদের সেরা সাফল্য ছিল ২০২৪ মৌসুমে রানার্সআপ হওয়া। আর গত আসরে ১০ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি।
আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ মৌসুমের অভিযান শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।
এমআর/