© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

শেয়ার করুন:
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিলকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কমিটিকে বহুল প্রচারিত গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দ্বৈত পেশার সঙ্গে যেসব আইনজীবী যুক্ত রয়েছেন, সেসব আইনজীবীদের সনদ সমর্পণ না করে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা ও সতর্কবার্তা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশপাশি এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যন্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের সচিবকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত। 

বুধবার (২৫ নভেম্বর) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

যে সমস্ত আইনজীবী সনদ সমর্পণ না করেই চাকরি, ব্যবসা বা অন্য কোনো পেশায় নিয়োজিত রয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধগত, কর্তৃত্ববর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যান্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানকে জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে রিটের পক্ষে রিটকারী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিয়াউর রহমান খান।

পরে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আদালতে আমাদের সাবমিশন ছিল- বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স রুলস অ্যান্ড অর্ডার যেটা রয়েছে, সেটার ৭০ অনুচ্ছেদ অনুসারে সনদ সমর্পণ না করে অন্য কোনো পেশায় বা ব্যবসায় নিযুক্ত থাকা শৃঙ্খলা এবং আইন পরিপন্থি। শুনানি শেষে আদালত বার কাউন্সিলের প্রতি কয়েকটি নির্দেশনা দিয়ে রুল জারি করেছেন।

এর আগে গত ২৬ অক্টোবর আইন পেশার সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন, সেসব আইনজীবীদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টে রিট করেন।

এমআর/ 

মন্তব্য করুন