© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ার পত্রিকার প্রতিবেদন, জামায়াতের প্রতিবাদ

শেয়ার করুন:
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ার পত্রিকার প্রতিবেদন, জামায়াতের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

প্রতিবেদনটির তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিনেই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি কাকতালীয় নয়; বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে, মন্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি। এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গী কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। বক্তব্য না নিয়েই ‘জবাব দেননি’ লেখা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের। একে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্যমূলক বিকৃতি। ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি। তার অ্যাকাউন্ট হ্যাক করে এটি প্রকাশ করা হয়েছিল। এর প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। অথচ এসব তথ্য উপেক্ষা করে প্রতিবেদনে তাকে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়েও প্রতিবেদনে উপস্থাপিত বক্তব্যের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পতিত সরকারের আমলে ট্রাইব্যুনালের বিচারের ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও সে প্রশ্ন উঠে এসেছে। সেই বিচারের রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে দেখিয়ে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পুরো প্রতিবেদন দাঁড়িয়ে আছে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর। জানা গেছে, ওই ব্যক্তি শেখ মুজিব ও তার পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। পাঠকদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাদের ‘উগ্রবাদী’ বলে চরিত্রহনন করা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ান।

এদিকে ডা. শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)-এর ১২এ ধারায় প্রকাশক ন্যাশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেডকে এ নোটিশ পাঠানো হয়। এতে প্রতিবেদনের সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সে স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। তিনি দাবি জানান, ‘দ্য অস্ট্রেলিয়ান’ অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করুক, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ করুক এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাক। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন।

একেএস

মন্তব্য করুন