ওষুধের পাতা থেকে মেয়াদ কেটে বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
ছবি: সংগৃহীত
০৮:১৮ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
ওষুধের পাতা থেকে কোম্পানির মুদ্রিত মেয়াদ কেটে ফেলে খুচরা বিক্রির অভিযোগে নোয়াখালীতে দুই ফার্মেসিকেজরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স মা ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স মা ফার্মেসিতে বিভিন্ন কোম্পানির ওষুধের পাতায় মুদ্রিত মেয়াদ কেটে ফেলে সেগুলো ছোট ছোট প্যাকেটে খুচরা বিক্রির জন্য রাখা হয়েছিল। ফলে ওষুধগুলোর মেয়াদ কবে শেষ হবে, তা বোঝার কোনো উপায় ছিল না। অভিযানের সময় দোকানি স্বীকার করেন, বিভিন্ন কোম্পানির সৌজন্য হিসেবে দেয়া ওষুধ এভাবে কেটে বাণিজ্যিক প্যাকেটে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা ওষুধ ধ্বংস করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং চিকিৎসকদের জন্য সরবরাহ করা স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মেসার্স বিশাল মেডিসিন পয়েন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ওষুধের গায়ে মুদ্রিত মেয়াদ মুছে ফেলা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করা ভোক্তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেএন/