© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিমি চক্রবর্তীর আইনি বিয়ে আজ, মূল আয়োজন ডিসেম্বরে পাহাড়ে

শেয়ার করুন:
মিমি চক্রবর্তীর আইনি বিয়ে আজ, মূল আয়োজন ডিসেম্বরে পাহাড়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে নানা জল্পনা। এবার সেই জল্পনা আরও জোরালো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি, আজ বৃহস্পতিবার কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন অভিনেত্রী। ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি ও বাগ্‌দান হওয়ার কথা। দুই পরিবারের সদস্য এবং টালিউডের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া অনুষ্ঠানে অন্য কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে খবর।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি। তিনি বিনোদন জগতের কেউ নন, মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত। তবে মিমি কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মিমির বিয়ের খবর প্রথম আলোচনায় আসে একটি আমন্ত্রণপত্র ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই কার্ডে বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছিল অভিনেত্রীর তিন পোষ্য চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু। পশুপ্রেমী মিমির জীবনে পোষ্যদের গুরুত্ব অনেক। বিয়ের আমন্ত্রণপত্রেও তাদের উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছিল।

বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে এসেছে। সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে দেখা যায় মিমিকে। সঙ্গে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। এরপর থেকেই বিয়ের পোশাক নিয়ে শুরু হয় আলোচনা। তবে সব্যসাচীর স্টোরে যাওয়ার সঙ্গে বিয়ের পোশাকের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।



কলকাতায় আইনি আনুষ্ঠানিকতা শেষ হলেও বিয়ের মূল আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে। সূত্রের খবর, ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে চলবে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান। ৩ ডিসেম্বর ককটেল ডিনার, পরদিন মেহেদি ও সংগীত এবং ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বড় আয়োজনের বদলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মিমির বিয়েকে ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে জলপাইগুড়িতেও। অভিনেত্রীর শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের এই শহর, বিশেষ করে তাঁর মামাবাড়ির এলাকা। পরিবারের সদস্যদের কাছে বিয়ের খবরটি আনন্দের। কলকাতা ও কালিম্পংয়ে আলাদা অনুষ্ঠানের পরিকল্পনা থাকায় আত্মীয়দেরও দুই জায়গায় ভাগ হয়ে থাকতে হতে পারে।

বিয়ের পর কলকাতায় ফিরে টালিউডের বন্ধুদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন মিমি। তবে সেই অনুষ্ঠান কবে বা কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়। ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী। এবারও বিয়ের আয়োজন ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখার পরিকল্পনা বলে জানা যাচ্ছে।

সূত্র: দ্য ওয়াল

এসএ/

মন্তব্য করুন