© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফটিকছড়িতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬, পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান

শেয়ার করুন:
ফটিকছড়িতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬, পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারে পুলিশের ধারাবাহিক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকায় এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশের দাবি, রায়হানের আয়ের অন্যতম উৎস অস্ত্র তৈরি ও বিক্রি। এসব অস্ত্র ব্যবহার করে তার সহযোগীরা বিভিন্ন স্থানে চাঁদাবাজিও করে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ সুপার বলেন, ফটিকছড়ির সুয়াবিল এলাকায় অনেক দুর্গম পাহাড় রয়েছে। এসব এলাকায় অভিযান চালানো পুলিশের জন্য চ্যালেঞ্জিং। জনবসতিহীন দুর্গম পাহাড়ি এলাকাকে সন্ত্রাসীরা অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে। সেখানে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সন্ত্রাসীরা যেখানেই থাকুক, তারা পুলিশের নজরদারির বাইরে নয়। রায়হানসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, রায়হান সুয়াবিল এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে পুলিশ। ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় দিনব্যাপী অভিযান চালিয়ে দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই স্থানে রায়হান ও তার সহযোগীরা অবস্থান করে অস্ত্র তৈরির কার্যক্রম চালাতেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর ও দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যান। পরে দুর্গম ওই এলাকায় অভিযান চালানো সম্ভব হয়নি।

মাসুদ আলম বলেন, ওই স্থানে তারা নির্বিঘ্নে অস্ত্র তৈরির কাজ করে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, ধারাবাহিক অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে ২৩ নভেম্বর সন্ধ্যা পৌনে আটটার দিকে রায়হান সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার চেষ্টা করেন। এ সময় সুয়াবিলের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা যানবাহনগুলোর গতিরোধের চেষ্টা করেন।

একপর্যায়ে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী তার বিশ্বস্ত সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

এ ঘটনার পর ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালান। পরদিন ২৪ নভেম্বরও বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকে। রায়হানকে ধরতে এলাকায় মাইকিং করা হয়।

পুলিশ সুপার বলেন, ওই এলাকায় আগে অভিযান পরিচালনার অভিজ্ঞতা পুলিশের কম ছিল। জায়গাটি একেবারেই নতুন। অন্যদিকে রায়হান তার সহযোগী ও পূর্বপরিচিত ব্যক্তিদের সহায়তায় পালিয়ে যান।

পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধারাবাহিক অভিযানের একপর্যায়ে ২৫ নভেম্বর পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন।

এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাজীরহাটের কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হানের আরেক সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ফরহাদ জানান, বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিলেন।

পুলিশ সুপার আরো বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রায়হান ও তার সহযোগীরা সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে মো. মহররম আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মহররমকে গ্রেপ্তার করা হয়।

তার দেখানো মতে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মহররম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তার বাড়িতে ছিলেন। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যান।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হানের সহযোগী জনার্ধন দেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে আরেকটি পিস্তল থাকার তথ্য পাওয়া গেলেও সেটি অন্যত্র হস্তান্তর করায় উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অভিযানের বিষয়টি লোকজন জেনে যাওয়ায় আর বেশিদূর অভিযান চালানো সম্ভব হয়নি।

পুলিশ সুপার বলেন, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি যত বড় সন্ত্রাসীই হোন, তাকে আইনের আওতায় আনা হবে।

এমআই/


মন্তব্য করুন