© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স

শেয়ার করুন:
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় চালু হলো নৌ-অ্যাম্বুলেন্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
কুড়িগ্রামের চরাঞ্চলে মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার যাত্রাপুর ঘাটে নৌ-অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।

নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সহজ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রাতে কিংবা জরুরি সময়ে নৌকা না পাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা।

যাত্রাপুর ইউনিয়নের কলাকাটা গ্রামের জরিনা বেগম (৫৫), আছিয়া বেগম (৫০) ও খলিল মিয়াসহ (৬০) স্থানীয় বাসিন্দারা জানান, তাদের এলাকায় সময়মতো নৌকা পাওয়া যায় না। অনেক সময় নৌকা পাওয়া গেলেও শহরের হাসপাতালে যেতে অতিরিক্ত টাকা খরচ হয়। এখন নৌ-অ্যাম্বুলেন্স চালু হওয়ায় কম খরচে হাসপাতালে যাতায়াত করা সম্ভব হবে। জরুরি প্রয়োজনে দিন-রাত নৌকাটি ব্যবহার করা গেলে অনেক মানুষের দুর্ভোগ কমবে।

একই ইউনিয়নের ঝুনকার চর এলাকার আসাদুল ইসলাম (৬০) বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা সীমিত হওয়ায় জরুরি মুহূর্তে নৌকাই যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু প্রয়োজনের সময় নৌকা পাওয়া না গেলে রোগীকে নিয়ে বিপাকে পড়তে হয়। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া আরও কঠিন হয়ে পড়ে।

যাত্রাপুর ইউনিয়নের আছমা বেগম (৪০) বলেন, শুধু গর্ভবতী নারীরা নয়, যাদের অসুখ হবে তারা সবাই এ সুবিধা পাবেন। এতে চরের মানুষের অনেক উপকার হবে। 

যাত্রাপুর ইউনিয়র পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. গফুর বলেন, নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ যাতায়াত ব্যবস্থা। বিশেষ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। দুর্গম যোগাযোগব্যবস্থা ও পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেক সময় রোগীকে হাসপাতালে নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমন পরিস্থিতিতে আজ চরাঞ্চলের অসুস্থ মানুষের জন্য একটি নৌকার ব্যবস্থা করা হলো তা অত্যন্ত উপকার হবে। আরও যদি ভ্রাম্যমাণ হাসপাতাল করা যায় তাহলে চরের মানুষরা আরও ভালো স্বাস্থ্য সেবা পারে। 

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ জানান, চরাঞ্চলের অসুস্থ, বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের দ্রুত নিকটতম হাসপাতালে পৌঁছাতে সহায়তা করবে এই অ্যাম্বুলেন্স। যাতে অ্যাম্বুলেন্সটি বন্ধ না হয় সে দিকে আমি নজর রাখা হবে।

চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি রোগী পরিবহনের জন্য একটি নৌকা বরাদ্দের দাবি জানিয়েছেন সচেতন মহল।  

এমআর/ 

মন্তব্য করুন