আমি সালমান খানের মতো বড় তারকা নই: দুলকার সালমান
ছবি: সংগৃহীত
০৮:২৪ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
সিনেমার ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে তারকাখ্যাতি গুরুত্বপূর্ণ হলেও শুধু জনপ্রিয়তার ওপর নির্ভর করে একটি সিনেমাকে সফল করা যায় না। প্রয়োজন ভালো গল্প, বিষয়বস্তু ও নির্মাণের মান।
এমনটাই মনে করেন ভারতের দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। নিজের তারকাখ্যাতির প্রসঙ্গ টেনে বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার উদাহরণও দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুলকার বলেন, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য তিনি নিজেকে যথেষ্ট মনে করেন না। তার ভাষায়, ‘আমি মনে করি না, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য আমিই যথেষ্ট।

এর জন্য আরো অনেক কিছু প্রয়োজন। ভালো বিষয়বস্তু এবং গল্পের সত্যতা ও সততাও গুরুত্বপূর্ণ।’ সাক্ষাৎকারে সালমান খানের তারকাখ্যাতি নিয়েও কথা বলেন দুলকার। তার মতে, সালমানের সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বড় পরিসরে দর্শক পায়।
শুধু তা-ই নয়, প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে চলে তার সিনেমা। দর্শকের মধ্যে সালমানের এমন গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের কাজের মাধ্যমে তৈরি হয়েছে। দুলকার বলেন, সালমানের সিনেমা মুক্তির পর বড় উদ্বোধনী ব্যবসা করে এবং দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে চলে। তার এমন জনপ্রিয়তা খুবই বিরল। বহু বছর ও দশকের পরিশ্রমের মাধ্যমে এই অবস্থান তৈরি করেছেন সালমান।
মালয়ালম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মামুট্টির ছেলে দুলকার। বাবার পরিচিতি থাকলেও অভিনয়জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। মালয়ালমের পাশাপাশি তামিল, তেলেগু ও হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেতা।
বক্স অফিসেও সাফল্য পেয়েছে দুলকারের কয়েকটি সিনেমা। তার অভিনীত ‘লাকি ভাস্কর’ বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ১১৩ কোটি ৬৪ লাখ রুপি। অন্যদিকে তার প্রযোজিত ‘লোকাহ: চ্যাপ্টার ১- চন্দ্র’ আয় করেছে প্রায় ৩০১ কোটি রুপি। একাধিক ভাষার চলচ্চিত্রে কাজ এবং বক্স অফিসে সাফল্যের পরও নিজের তারকাখ্যাতিকে সিনেমার ব্যবসায়িক সাফল্যের একমাত্র ভিত্তি মনে করেন না দুলকার।
এসএ/