মন্ত্রীরা অনেক প্রতিশ্রুতি দেন, বাস্তবায়ন করছেন কিনা কেউ খোঁজ রাখে না: ডা. তাসনিম জারা
ছবি: সংগৃহীত
১১:৪৬ এএম | ২৭ নভেম্বর, ২০২৬
সংসদে বা সংসদের বাইরে মন্ত্রীরা অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু সেগুলো তারা বাস্তবায়ন করছেন কিনা, তার খোঁজ কেউ রাখে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এই মন্তব্য করেন।
পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
পার্লামেন্ট কীভাবে আরও ভালো কাজ করতে পারে, তা নিয়ে বৃহস্পতিবার একটি গণমাধ্যম একটি আলোচনার আয়োজন করেছিল। সেখানে ডেপুটি স্পিকার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দুই সদস্য উপস্থিত ছিলেন। আমি তিনটি নির্দিষ্ট কাজের কথা বলেছি।
১. নো গ্যাস, নো বিল - সংসদে এই আইন পাস করা।
নির্বাচনের সময় আমি এলাকার মানুষকে কথা দিয়েছিলাম, গ্যাস না পেলে গ্যাসের বিল দিতে হবে না, এই মর্মে একটি বিল সংসদে তুলব। এই কথাটা মানুষ সবচেয়ে বেশি মনে রেখেছেন, কারণ এটা তাদের প্রতিদিনের কষ্ট।
আমাদের খিলগাঁও, সবুজবাগ আর মুগদার অনেক পরিবার প্রতি মাসে ১০৮০ টাকা গ্যাস বিল দিচ্ছে, অথচ লাইনে প্রায়ই গ্যাস থাকে না। রান্নার আশায় অনেককে রাত ২টা পর্যন্ত জেগে বসে থাকতে হয়। যাদের আর উপায় নেই, তারা বাধ্য হয়ে সিলিন্ডার কেনেন। গত জানুয়ারিতে একটি সিলিন্ডারের সরকারি দাম ছিল ১৩০৬ টাকা, এ মাসে ২০৬০ টাকা। দোকানে এই দামেও পাওয়া যায় না, অনেক জায়গায় দিতে হয় ২৫০০ টাকা বা তারও বেশি। এই এলাকার অনেক মানুষ নিম্ন আয়ের। যে গ্যাস তারা পাননি, তার দাম তারা কেন দেবেন?
সংসদ এখানে তিনটি কাজ করতে পারে। এক, যে কোনো সংসদ সদস্য বেসরকারি সদস্য বিল এনে আইনে একটি সহজ নিয়ম যোগ করতে পারেন: যে মাসে ঠিকমতো গ্যাস দেওয়া হয়নি, সে মাসে পুরো বিল নেওয়া যাবে না। দুই, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তিতাসকে ডেকে জানতে চাইতে পারে, কত পরিবার গ্যাস না পেয়েও পুরো বিল দিচ্ছে, আর খিলগাঁও, সবুজবাগ, মুগদায় প্রিপেইড মিটার কবে বসবে। তিন, আইন না হওয়া পর্যন্ত কমিটি সুপারিশ করতে পারে, যেসব এলাকায় গ্যাস ঠিকমতো যায় না, সেখানে বিল কমানো হোক।
প্রিপেইড মিটার থাকলে মানুষ যতটুকু গ্যাস পান, ঠিক ততটুকুরই বিল দেন। এই নিয়ম সবার জন্য হওয়া উচিত। গরিব মানুষের পকেট কেটে সরকারের ব্যয়ের হিসাব কেন মেলাবেন?
সংসদ কীভাবে মানুষের জন্য কাজ করতে পারে, নো গ্যাস, নো বিল তার একটি উদাহরণ: জনগণের জন্য উপকারী বিষয় নিয়ে সংসদ সদস্য হিসেবে আওয়াজ তোলা, আর শুধু আলোচনায় থেমে না থেকে সে বিষয়ে আইন প্রণয়নের জন্য সাপোর্ট অর্জন করা। এই বিলে সাপোর্ট পাওয়া সম্ভব। অনেক এমপির পক্ষেই এটা অপোজ করা কঠিন হবে, কারণ তাদের এলাকার ভোটারদের কাছ থেকেও প্রতি মাসে এমন অন্যায়ভাবে নানা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হচ্ছে।
২. মন্ত্রীদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতির হিসাব রাখা
সংসদে বা সংসদের বাইরে মন্ত্রীরা অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু সেগুলো তারা বাস্তবায়ন করছেন কিনা, তার খোঁজ কেউ রাখে না। গত জুনে মন্ত্রী সংসদে বলেছিলেন, সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার ১৫টি থেকে বাড়িয়ে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে চালু করা হবে। এখন নভেম্বরের শেষ। কয়টি চালু হয়েছে? কে খোঁজ রাখছে?
আর শুধু সেন্টার খুললেই হবে না, মানুষের কাছে সেবা পৌঁছাতে হবে। ২০২২ সালে ১০৯ হেল্পলাইনে ৭ লাখের বেশি কল এসেছিল। তার ৯৫ শতাংশ ক্ষেত্রে কলদাতা শুধু তথ্য পেয়েছেন, এর বেশি কিছু না। গর্ভবতী অবস্থায় স্বামীর হাতে মার খেয়ে এক নারী ঘর ছেড়েছিলেন। এখন তার কোলে চার মাসের শিশু। ১০৯-এ ফোন করলে তাকে বলা হয়, সদরঘাটে কোর্টের পাশে একজন আইনজীবী খুঁজে নিতে। তিনি সেখানে কীভাবে যাবেন, কেউ কি জিজ্ঞেস করেছিল? কেউ কি পরে ফোন করে খোঁজ নিয়েছিল ওনার কী অবস্থা?
সংসদ এখানে দুটি কাজ করতে পারে। এক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরের বৈঠকেই মন্ত্রণালয়ের কাছে লিখিত জবাব চাইতে পারে: ৩৭টির মধ্যে কয়টি সেন্টার চালু হয়েছে, বাকিগুলো কবে হবে, আর যারা ১০৯-এ ফোন করেছেন তাদের কতজন সত্যিই আইনি সহায়তা, চিকিৎসা বা আশ্রয় পেয়েছেন। দুই, প্রতিটি স্থায়ী কমিটি মন্ত্রীদের প্রতিশ্রুতি আর নিজেদের সুপারিশের একটি তালিকা সংসদের ওয়েবসাইটে রাখতে পারে: কোন মন্ত্রণালয় দায়িত্বে, কবের মধ্যে, আর কাজটা হলো কিনা। প্রতি বৈঠকে সেই তালিকা ধরে হিসাব নেওয়া হবে।
কমিটির দুজন সদস্য আজ উপস্থিত ছিলেন। তাঁদের কাছে আমার অনুরোধ, প্রশ্নগুলো কমিটির পরের বৈঠকে তুলুন।
৩. এমপিদের উপহার ও নানাবিধ স্বার্থের হিসাব নিয়মিত প্রকাশ করা।
সংসদ সদস্যরা নির্বাচনের আগে মনোনয়নপত্রের সঙ্গে একবার সম্পদের হিসাব দেন। এরপর পুরো ৫ বছর ভোটাররা আর কিছুই জানতে পারেন না। কে উপহার দিচ্ছে, কে বিদেশ সফরের খরচ দিচ্ছে, কোন ব্যবসায়ীর সঙ্গে কিসের বিনিময়ে কী ডিল হচ্ছে, এসব না জানলে বোঝার উপায় নেই সংসদে একজন এমপি কার হয়ে কথা বলছেন।
সংসদ এখানে যা করতে পারে: কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটি বিধিতে একটি নতুন নিয়ম যোগ করার প্রস্তাব আনতে পারে। প্রত্যেক এমপি একটি নির্দিষ্ট অঙ্কের বেশি দামের উপহার, নিজের ব্যবসায়িক স্বার্থ আর বিদেশ সফরের খরচ কে দিচ্ছে, তা জানাবেন। সংসদ সচিবালয় প্রতি তিন মাসে তা সংসদের ওয়েবসাইটে হালনাগাদ করবে। যুক্তরাজ্যের পার্লামেন্টে এমন রেজিস্টার বহু বছর ধরে চালু আছে। সৎ এমপিদের জন্যও এটা ভালো: তারা দেখাতে পারবেন, তাদের লুকানোর কিছু নেই।
এর আগেও এই দাবি তুলেছি, স্পিকারের উদ্দেশ্যে এই বিষয়ে লিখেছি। আজ ডেপুটি স্পিকারকে সরাসরি অনুরোধ করেছি বিষয়টি কমিটিতে তুলতে। এটা না হওয়া পর্যন্ত বারবার একই কথা তুলতেই থাকব।
কেএন/