বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজী শুভর গান
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের মুকুলের মতো। তাদের ফুল হয়ে ফোটা বা বিকাশের ক্ষেত্রে প্রয়োজন সবার সর্বোচ্চ সহযোগিতা। এদের প্রতি যত্ন, ভালোবাসা ও সচেতনতার বার্তা নিয়ে নতুন একটি গান করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ।

নতুন এই গানের শিরোনাম ‘সে আমার সন্তান’। কথা লিখেছেন জাকিউল হাই দিপু। ‘সে আমার সন্তান’ সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব।
আগামী ১ ডিসেম্বর কাজী শুভর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে শিল্পী জানিয়েছেন।

এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের জীবনেরই অংশ। এ ভাবনা থেকেই গানটি তৈরি করেছি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে (৩ ডিসেম্বর) সামনে রেখে ১ ডিসেম্বর ‘সে আমার সন্তান’ মুক্তি দেওয়া হবে। মুক্তি পাবে আমার নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিকতা আমাদের সবার দায়িত্ব। আশা করি, এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।
উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর সম্প্রতি কাজী শুভ প্রকাশ করেছেন তার নতুন একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’। নয়টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
এই শিল্পীর আরও ৫টি অ্যালবামের নাম- ‘সাদামাটা’ (২০০৯), ‘সাদামাটা টু’ (২০১২), ‘সাদামাটা থ্রি’ (২০১৪), ‘দাগা’ (২০১৬) ও ‘মায়ার আগুন’ (২০১৬)। ‘সোনা বউ’, ‘মন পাঁজরে’, ‘ভুলিয়া না যাইয়ো’, ‘এতো কাছে’সহ কাজী শুভর গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
এসএ/