গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জের লোকজন দিয়ে আগুন জ্বালিয়ে ও সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছেন। কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, স্বাধীনতা-সার্বভৌমত্ব, আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তারা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবেন।
তিনি বলেন, বিগত ১৭ বছরে তাদের সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এত কিছুর পরও কীভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালানো হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কেউ যদি মনে করেন মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাবেন, আর বিএনপির নেতাকর্মী, বাংলাদেশের প্রশাসন ও বিরোধী দল তা চেয়ে চেয়ে দেখবে, তাহলে ভুল করবেন। তাদের নেতাকর্মীদেরও মোটরসাইকেল আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করেছেন, সেই দিবাস্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না।
মাদকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের নেতাকর্মীরা মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে তদবির করার চেষ্টা করবেন না। আশা করি, বার্তা পরিষ্কার।
ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এসএম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ অন্যরা।
এফআর/