© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার আগে সেই ঐক্যের ভিত্তি স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে। তবে ঐক্যের আহ্বানের পরও চাঁদাবাজি চলতে থাকলে ভবিষ্যতে বিএনপির সঙ্গে আর আলোচনায় বসতে রাজি নয় এনসিপি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়সহ আট দফা দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

তারেক রহমানের ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন, কিসের ভিত্তিতে ঐক্য তা জানি না আমরা। তবে ঐক্য হতে পারে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমান যে ঐক্যের ডাক দিয়েছেন, এই ঐক্যের ডাকের পরে আর যদি কোনো চাঁদাবাজি চলে, আমরা চাঁদাবাজদের সঙ্গে ভবিষ্যতে বসতে রাজি নই।’

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের উদ্দেশেও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘দেখে যান, এখানে আমরা আছি, আপনারা নেই। যেখানেই তাঁদের পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশটির মন্ত্রীদের বক্তব্য বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে, ভারতও শান্তিতে থাকতে পারবে না।’

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাইলে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো।

এর আগে আট দফা দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এমআই/


মন্তব্য করুন