© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৪ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও তা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মেলনে উপস্থিত ও অনুপস্থিত সব শিক্ষকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা অত্যন্ত প্রয়োজন। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে, এটি থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়ে দাঁড়ায়, সেই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানাই।’ একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে প্রতিটি কলেজ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বক্তব্যের শুরুতে সকালে অনুষ্ঠানে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় উপস্থিত সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অধ্যক্ষদের প্রতি বিনীত শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একজন অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানই নন; বরং তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী, একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষকদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।

শহর ও গ্রাম সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে মরহুমা বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমানে এর অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো গেছে, সেই প্রশ্ন এখন সময়ের সঙ্গে উঠে এসেছে।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দেয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে আসুন আমরা এই শিক্ষাব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলতে কাজ শুরু করি। শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি।’ এ ক্ষেত্রে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নিলেও অধ্যক্ষদেরই বাস্তবায়নের নেতৃত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরও কার্যকর করতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রচলিত শিক্ষাকেন্দ্রিক শিক্ষার বদলে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালুর লক্ষ্যে ‘ট্রেইন দ্য ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি।

তিনি বলেন, ‘আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ।’

পৃথিবীর অর্ধেক মানুষ এখনও তৃতীয় শিল্পবিপ্লবের সুবিধা ভোগ করতে না পারলেও বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনীমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি ও ফিফথ জেনারেশন ওয়্যারলেস প্রযুক্তির মতো উদ্ভাবন একদিকে অনেক পুরোনো পেশার বিলুপ্তি ঘটিয়ে বেকারত্ব বাড়াচ্ছে, অন্যদিকে চাকরির নিত্যনতুন ক্ষেত্রও তৈরি করছে।

লক্ষ্যহীন শিক্ষাকে দিকহীন যাত্রার সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তরের জন্য ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ অনিবার্য। শ্রেণিকক্ষ হবে জ্ঞানসৃষ্টি ও উদ্ভাবনের কেন্দ্র, গবেষণাগার হবে নতুন সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্র এবং শিল্পপ্রতিষ্ঠান হবে অর্জিত জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তরের কার্যকর পাঠশালা। এভাবেই চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় সক্ষম, দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে উঠবে।

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তি উন্নয়ন ও নতুন ব্যবসায়িক উদ্যোগের সূতিকাগার হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা কার্যকর করতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সামনে ক্লাস নেয়ার বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখতে অধ্যক্ষ ও উপাচার্যদের প্রতি আহ্বান জানাই।’ একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ করে দেয়ার বিষয়টি বিবেচনার জন্য শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। এতে শিক্ষাজীবন শেষে চাকরির অপেক্ষা না করে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আধুনিক প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটানোর কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, নৈতিক মানসম্পন্ন কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন। শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ রাখলেই চূড়ান্ত সাফল্য আসবে না; বরং সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করার সুযোগ তৈরি করতে হবে।

শিক্ষাব্যবস্থার এসব উদ্যোগের সার্বিক সুফল পেতে একাধিক ভাষা শিক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান কিংবা আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন অন্য ভাষা শেখার সুযোগ করে দেয়া অত্যন্ত জরুরি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা ও উদ্যোক্তা সৃষ্টির সুযোগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে সরকার সচেতন উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদফতর, এনটিআরসিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে আহ্বান জানাচ্ছি।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব কলেজে উপযোগী ছাদ রয়েছে, সেগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী এক বছরে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর উদ্যোগ নিতে বলেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণের কথা উল্লেখ করে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী জ্ঞানে-গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল ও মানবিকতায় সমুন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

আরআই/

মন্তব্য করুন