প্রেমের টানে কুমিল্লায় চীনা যুবক
ছবি: সংগৃহীত
০৪:৩৯ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে তামান্না আক্তার (১৯) নামে এক কিশোরীর প্রেমের টানে চীনা যুবক জিয়াকিয়ান (৩৪) বাংলাদেশে এসেছেন। তিনি চীনের হুয়াইজিং শহরের ঝাওচিং এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তামান্নার বাড়িতে যান জিয়াকিয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে তামান্নার সঙ্গে উই-চ্যাটের মাধ্যমে ওই চীনা যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা অ্যাপসের মাধ্যমে উভয়ের ভয়েস অনুবাদ করে কথোপকথন চালাতেন। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। চলতি মাসের ১৯ নভেম্বর ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন জিয়াকিয়ান।
তারপর ঢাকা এয়ারপোর্টে থেকে রিজার্ভ গাড়ি নিয়ে দেবিদ্বারে গিয়ে তামান্নার সঙ্গে দেখা করেন। শুক্রবার বিয়ে করার জন্য ফের তামান্নার বাড়িতে যান তিনি।
এদিকে, চীনা যুবক প্রেমের টানে দেবিদ্বারে; এই খবরে পুরো এলাকার মানুষ তরুণীর বাড়িতে ভিড় করেন। শতশত মানুষ ছুটে আসেন এক নজর দেখতে।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চীনা যুবক জিয়াকিয়ানকে আইন মেনে ও তার পরিবার নিয়ে এসে বিয়ের কথা বলেন।
অন্যদিকে, তামান্না চীনা যুবককে বিয়ে করার জোর দাবি জানান। কিন্তু তার পরিবার বিয়ে দিতে অসম্মত। উভয়ের মধ্যে এ নিয়ে চলে হট্টগোল। শেষমেষ বিয়ে না করেই হোটেলে ফেরেন চীনা যুবক।
এমআর/