© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: নীরব

শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: নীরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১২ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন।

শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সাইফুল আলম নীরব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আজ আমরা রাজপথে নেমেছি সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে। বিগত স্বৈরাচারী শাসকের দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা রুখে দিতে আমরা বদ্ধপরিকর।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অপশক্তিগুলো সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। তবে দেশের সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের সেই অপতৎপরতা ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আন্তর্জাতিক চক্রান্তের বিষয়ে তিনি আরও বলেন, শুধু দেশের ভেতরেই নয়, দেশ-বিদেশে বসে বাংলাদেশকে নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছিল, তাও আজ নস্যাৎ হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তার নেতৃত্বে দেশ আজ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

বক্তব্যের শেষে সাইফুল আলম নীরব একটি নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার জন্য নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে ইউনিয়নের নেতা-কর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

এফআর/

মন্তব্য করুন