কমবয়সী নায়িকাদের সঙ্গে প্রেমের দৃশ্যে অস্বস্তি শাহরুখের
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
বয়স ৬১ হলেও বলিউডে নায়ক হিসেবে শাহরুখ খানের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তবে কমবয়সী নায়িকাদের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে একসময় অস্বস্তি বোধ করতে শুরু করেন এই অভিনেতা। সেই অভিজ্ঞতা থেকেই এবার পর্দায় নিজের প্রকৃত বয়সের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড বাদশাহ।


শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে মেটার আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানে নির্মাতা করণ জোহরের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই আসন্ন সিনেমা ‘কিং’-এ কাঁচাপাকা চুলের সাজ এবং নিজের বয়সের চরিত্রে অভিনয়ের কারণ তুলে ধরেন তিনি।
শাহরুখ জানান, ক্যারিয়ারের শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না। তাই নায়ক হওয়ার সুযোগ পাওয়াটা তার কাছে বরাবরই বিশেষ কিছু ছিল। তবে সময়ের সঙ্গে নায়িকাদের সঙ্গে বয়সের ব্যবধান তাকে ভাবিয়ে তুলতে শুরু করে।

কোনো সিনেমা বা নায়িকার নাম উল্লেখ না করে শুটিংয়ের একটি মজার অভিজ্ঞতাও তুলে ধরেন শাহরুখ। তিনি বলেন, ‘আমি একটি সিনেমার শুটিং করছিলাম। নাম বলব না, তবে করণ জানে। নায়িকার সামনে দাঁড়িয়ে প্রেমের সংলাপ বলছিলাম- আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার চোখে হারিয়ে যেতে চাই। আর ঠিক পরমুহূর্তেই মনে হতো, আরও একটা কথা, আশা করি গতকালের অঙ্কের বাড়ির কাজ শেষ করেছ, মা!’
শাহরুখ জানান, বয়সের এই ব্যবধান থেকেই তার মনে হয়েছে, এবার নিজের প্রকৃত বয়সের চরিত্রে অভিনয় করা উচিত। ৬১ বছর বয়সেও একজন নায়ক যে আকর্ষণীয় হতে পারেন, সেটিই পর্দায় তুলে ধরতে চান তিনি।

‘কিং’ সিনেমায় কাঁচাপাকা চুলের সাজ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি চেয়েছিলাম, এখন যেকোনো সংলাপ বললেই যেন তা প্রাসঙ্গিক মনে হয়। আমার মেয়ে সুহানাও এই সিনেমায় রয়েছে। তাই পৃথিবীর সব মেয়ে যেন আমাকে দেখে ভাবে- আমার বাবাও ঠিক এমন হওয়া উচিত! আমি ৬০ পেরিয়েও নায়ক হতে চেয়েছি, তবে নিজের বয়সকে সঙ্গে নিয়েই।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ, সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পাণ্ডিয়া। এই সিনেমার মাধ্যমেই প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় বর্মা।
এসএ/