© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

শেয়ার করুন:
কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
ভারতের কলকাতার টপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্মাণাধীন সদর দপ্তর সিলগালা করে দিয়েছে পুলিশ। ভবনটিতে রাজনৈতিক সভা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। 

কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এ পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।

পুলিশ সূত্র জানিয়েছে, নির্মাণাধীন ভবনটিতে রাজনৈতিক সভা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট দেখার পর পৌর করপোরেশন আনন্দপুর থানায় অভিযোগ জানায়। ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি এবং এটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তি সনদও (কমপ্লিশন সার্টিফিকেট) পাওয়া যায়নি। এমন ভবনে লোকজনের সমাগম হলে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনটিতে যান। তারা প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে সেখানে প্রবেশ সীমিত করেন। শুধু নির্মাণকাজে নিয়োজিত কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় ঘটনাস্থলে যান। তারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ জানায়, ভবনটির নির্মাণকাজ চলতে পারবে, তবে সেখানে রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দলটির পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। নিরাপত্তার উদ্বেগের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘তৃণমূল নামে কোনো দল নেই। কোন তৃণমূল? ডি নাকি এম? নির্মাণাধীন ভবনে সভা চলার সময় ছাদ ধসে কেউ মারা গেলে এর দায় কে নেবে? শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকেই দায়ী করা হবে।’

এ ঘটনায় কলকাতায় সাংগঠনিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত দুটি ভবনের কোনোটিতেই প্রবেশাধিকার না থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নতুন সমস্যায় পড়েছে।

টপসিয়া রোডের ৩৬জি ঠিকানায় তৃণমূলের মূল সদর দপ্তরটি ২০০০ সালের শুরুর দিক থেকে চালু ছিল। ২০০২ সালের ২০ মে কার্যালয়টির উদ্বোধন করা হয়। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর পুরোনো ভবনটি ভেঙে সেখানে সাততলা নতুন সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নেয় দলটির নেতৃত্ব। প্রায় তিন বছর ধরে ভবনটির পুনর্নির্মাণকাজ চলছে।

বিকল্প ব্যবস্থা হিসেবে ২০২২ সালের মে মাসে মেট্রোপলিটন এলাকার ক্যানাল সাউথ রোডে পাঁচতলা একটি ভবন ভাড়া নেয় দলটি। সেটিই দলের কার্যক্রম পরিচালনার সদর দপ্তর হয়ে ওঠে। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জুলাই মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ওই কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়।

গত কয়েক দিন ধরে তৃণমূলের আইটি সেল ও দলের অন্যান্য শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে টপসিয়ার নির্মাণাধীন ভবনে সভা করার প্রচার চালাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতেই পৌর করপোরেশন হস্তক্ষেপ করে।

শনিবার ভবনটি পরিদর্শনে যান রাজ্যসভার সদস্য দোলা সেন। তিনি অভিযোগ করেন, পুলিশের এই পদক্ষেপের উদ্দেশ্য দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া।

দোলা সেন বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে জায়গাটি আমাদের। এটি আমাদের সম্পত্তি এবং আমরা সংস্কার করছি। শুধু সমাপ্তি সনদ নেই বলে তারা কোনোভাবেই আমাদের প্রবেশ বন্ধ করতে পারে না।’

বৈশ্বানর চট্টোপাধ্যায়ও পুলিশের ব্যারিকেড দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, দলীয় কর্মীরা শুধু নির্মাণকাজ তদারক করতে সেখানে যাচ্ছিলেন। এ বিধিনিষেধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও দলটি ভাবছে বলে জানান তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমআর/ 

মন্তব্য করুন