© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের শোক

শেয়ার করুন:
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৮ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মির জামিন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তূর্যের মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেটির অসহায়ত্বের চিত্র দেখেছিলেন তিনি। মায়ের সার্বক্ষণিক দেখাশোনা ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন এই কিশোরের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে তখন একটি আর্তনাদের চিত্র সামনে এসেছিল।

একই সঙ্গে মা-নির্ভর আরেকটি মেয়ে শিশুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। শর্মির জামিনের আবেদনটি অন্তত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তার জামিন হয়নি।

জি এম কাদের বলেন, মায়ের আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো। মায়ের সান্নিধ্য ও প্রয়োজনীয় যত্ন থেকে বঞ্চিত হয়ে নিষ্পাপ তূর্যকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো।

তিনি আরও বলেন, সন্তানের এমন চিরবিদায়ের মুহূর্তেও কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়া এবং শেষ পর্যন্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য সন্তানের নিথর মুখ দেখার করুণ দৃশ্য মানবিকতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।

জি এম কাদের বলেন, আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব নিয়মে চলবে, এটাই স্বাভাবিক। তবে এমন শোকাবহ ও সংবেদনশীল বাস্তবতায় মানবিকতা ও সহমর্মিতার জায়গাটি আরও উদার করা কি এতটাই অসম্ভব ছিল?

বিবৃতিতে তিনি মরহুম তূর্যের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মিসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআই/

মন্তব্য করুন