সাবেক এমপির বাড়িতে হামলার চেষ্টা, ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন
ছবি: সংগৃহীত
১১:৫৯ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (সিলেট-৩ আসন) হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে একদল লোক। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ ও ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার জের ধরে শনিবার রাতে একই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকটি মোটরসাইকেল যোগে বিক্ষোভ মিছিল করতে গেলে বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় সাবেক সংসদ সদস্যের বাসভবনেও। পরে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের প্রতিহত করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
একেএস