© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাবনার বেড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের

শেয়ার করুন:
পাবনার বেড়া থানায়  কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে বেড়া মডেল থানায় হামলা, ককটেল নিক্ষেপ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র ফালা, বল্লম নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ভোর চারটার দিকে সংঘটিত এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল  ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের আক্রমণ প্রতিহত করে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেড়া থানার ওসি গোলাম মোস্তফা। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে শনিবার রাতে গ্রেপ্তার হওয়া মহিলা লীগের চার কর্মীকে ভোর ছয়টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়েছিল। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলা এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে অগ্রসর হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানায় ককটেল নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিযারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। 

থানা এলাকা থেকে পিছু হটার পর হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশের বিভিন্ন এলাকায় মশাল নিয়ে মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় বেড়ার পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের জানালা ভাঙচুর করে। আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পর তারা সটকে পড়ে।

বেড়া থানার ওসি তদন্ত রাশিদুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার পর কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের কর্মীরা একটি মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে চার মহিলা কর্মীকে গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে থানা সংলগ্ন শুম্ভুপুর মহল্লার একদল মহিলা থানা গেটে বিক্ষোভ করেন। তারা ১৯ নভেম্বর থানা আক্রমণ ও ভাঙচুর মামলার আটক আসামিদের মুক্তির দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সে সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। সেই খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক শহীদ খালেক স্টেডিয়াম ও থানা গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং নাশকতাবিরোধী বিক্ষোভ ও স্লোগান দেন। 

প্রসঙ্গত, ১৯ থেকে ২১ নভেম্বর পালিত লকডাউন কর্মসূচি চলার সময়ও বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সে সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ক্ষয়ক্ষতি ও ভীতিকর পরিস্থিতির রেশ না কাটতেই রোববারের ঘটনায় পৌরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘রোববার ভোরে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ জানমাল রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরসহ নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রাতে মহিলা আওয়ামী লীগের গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরআই/

মন্তব্য করুন