© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা সেতু অবরোধের নামে ছড়ানো ভিডিওটি ভারতের

শেয়ার করুন:
পদ্মা সেতু অবরোধের নামে ছড়ানো ভিডিওটি ভারতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
পদ্মা সেতু অবরোধ করে নাচ-গান করছেন একদল যুবক- এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার একটি পুরোনো ঘটনার।

রবিবার (২৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

আট দফা দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচির ডাক দেওয়ার প্রেক্ষাপটে ভিডিওটি ছড়ানো হয়। ফেসবুকের একাধিক পোস্টে দাবি করা হয়, পদ্মা সেতু অবরোধ করে সেখানে নাচ-গান করছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের গত ২৪ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে একই ভিডিওর সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি।

ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতের বিহার রাজ্যের পাটনা মেরিন ড্রাইভ এক্সপ্রেসওয়েতে একটি মোটরসাইকেল ঘিরে কয়েকজন যুবক নাচছিলেন। প্রকাশ্য সড়কে ধারণ করা সেই ভিডিও সে সময় ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনেও একই ঘটনার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে ভারতের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল।

অর্থাৎ, প্রায় ১০ মাস আগের ভারতের একটি ঘটনাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। পদ্মা সেতু অবরোধের সঙ্গে ওই ভিডিওর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

আরআই/

মন্তব্য করুন