ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ হিসেবে ছাপাল জাতীয় বিশ্ববিদ্যালয়, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
ছবি: সংগৃহীত
১১:৩৪ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি সম্পাদনা বা পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ শাখার অসাবধানতার কারণে হয়তো এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের সৃষ্টি হয়েছে।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের মুদ্রিত ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী' এবং 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা' হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা ও অসন্তোষ সৃষ্টি হওয়ার পর বিতর্কিত ক্যালেন্ডারটি প্রত্যাহার, এর সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধ এবং দায়িত্বে থাকা পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 'অধ্যক্ষ সম্মিলন ২০২৬' অনুষ্ঠিত হয়। এতে দেশের ২,৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের উপহার ব্যাগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডার বিতরণ করা হয়।
বিতরণ করা ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় প্রকাশিত একটি ছবিতে মারাত্মক বিভ্রান্তিকর তথ্য নজরে আসে। ছবিটিতে এক পাশে রাষ্ট্রপতি ও অন্য পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি সংবলিত লেআউটের নিচে উপাচার্যের নেতৃত্বে একটি মোনাজাত ও কবর জিয়ারতের ব্যানার দেখা যায়।
ব্যানারে লেখা ছিল, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ'। এ ছাড়া বেগম খালেদা জিয়ার ছবির নিচে 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব' লেখা ছিল।
ক্যালেন্ডারে এমন ভুল প্রকাশিত হওয়ায় অনুষ্ঠানে অংশ নেওয়া অধ্যক্ষ ও অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
দায়িত্বে অবহেলা ও গুরুতর ভুলের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনসংযোগ দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োজিত এক কমিউনিকেশনস এক্সপার্টের নিয়োগ বাতিল করা হয়েছে।
এ ছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ, উপপরিচালক আতিকুর রহমান হেলাল এবং উপপরিচালক মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করে উপ-রেজিস্ট্রার পদে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের ক্যালেন্ডারের সব ধরনের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিতরণ করা ক্যালেন্ডারগুলো ফেরত আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। একই সঙ্গে নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসংযোগ দপ্তরের সদ্য দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ জানান, ক্যালেন্ডারটির মূল ডিজাইন ধানমন্ডি কার্যালয় থেকে চূড়ান্ত করা হয়েছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ জানান, ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে উপাচার্য বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি সম্পাদনা বা পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ শাখার অসাবধানতার কারণে হয়তো এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের সৃষ্টি হয়েছে।' তবে এ ধরনের স্পর্শকাতর প্রকাশনায় শিথিলতা প্রদর্শনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
আরআই/