© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর চা-চক্রকে ‘প্রহসন’ বললেন মির্জা ফখরুল

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর চা-চক্রকে ‘প্রহসন’ বললেন মির্জা ফখরুল
own-reporter
০৮:০৮ পিএম | ৩১ জানুয়ারি, ২০১৯

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২ ফেব্রুয়ারি আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের অনুষ্ঠানকে ‘প্রহসন’ বলে অভিহিত করে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের অনুষ্ঠানে তাদের কেউ যাবেন না। সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করেন না।

বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই বৈঠক চলে।

মির্জা ফখরুল বলেন, ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করা হয়েছে। পরে এর সময়সূচি জানানো হবে। ৩০ ডিসেম্বর ‘ভোট ডাকাতি’ ও ‘প্রহসনের নির্বাচনের’ প্রতিবাদের ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিএনপির মহাসচিব আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি হবে। সেদিন সারাদিন ধরেই চলবে এই গণশুনানি। এর জন্য নির্ধারিত স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যর আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের শরিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। অবশ্য শুরু থেকেই জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলে আসছিলেন যে, তারা এতে অংশ নেবেন না।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন