© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে পরকীয়ার জেরে কলেজছাত্রকে হত্যা

শেয়ার করুন:
গাজীপুরে পরকীয়ার জেরে কলেজছাত্রকে হত্যা
own-reporter-gazipur
০৬:২৪ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২১

স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এক অটোচালক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। আর পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন আবু জাফর ওরফে আকাশ (২০) নামে এক যুবক।

নিহত অটোচালক কলেজছাত্রের নাম রুবেল (১৮)। তিনি নওগাঁর রানীনগর থানার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। মহানগরের কাশিমপুর ভবানীপুর এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. জাকির হাসান।

মো. জাকির হাসান বলেন, আকাশ ও রুবেল একই বাড়িতে থাকতেন। আকাশের স্ত্রীর সঙ্গে রুবেলের পরকীয়ার জেরে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আকাশ তার অন্য তিন বন্ধুকে নিয়ে রুবেলকে হত্যা করে। আর তার অটোরিকশাটি অন্যত্র বিক্রি করে দেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কাশিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারি ক্রেতা রাশেদ ও অন্য তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়। তবে অটোরিকশাটি এখনো জব্দ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাহজাহানপুর থানার বড়তিন কুল গ্রামের ফরিদুল ইসলামের ছেলে আবু জাফর ওরফে আকাশ (২০), একই জেলা শহরের মালগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম ওরফে শাকিল (২০), জামালপুরের মেলান্দহ থানার হরিনাপাই গ্রামের আশরাফ মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২২) এবং (ব্যাটারি ক্রেতা) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার টিয়ারা গ্রামের আব্দুর রহিমের ছেলে রাশেদ আহমেদ (৪০)।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন