© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্রোহী প্রার্থীও তো আ.লীগেরই : কাদের

শেয়ার করুন:
বিদ্রোহী প্রার্থীও তো আ.লীগেরই : কাদের
own-reporter
০৪:২২ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের উপজেলার নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয়। তাহলে নৌকার প্রার্থী বা দলের বিদ্রোহী প্রার্থী জিতবে। আর বিদ্রোহী প্রার্থী যদি জিতে তা হলে তিনিও তো আওয়ামী লীগেরই।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি অংশ না নিলে যদি এ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিবাদ বাড়ে, তাতে বিএনপির লাভ কি? রেজাল্ট তো আর তাদের পক্ষে আসবে না।

উপজেলা চেয়ারম্যান পদ শেষ পর্যন্ত উন্মুক্ত করা হবে কিনা? জানতে চাইলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতার সুযোগের জন্য ভাইস চেয়ারম্যান পদগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা চেয়ারম্যান পদ আমরা উন্মুক্ত করিনি, উপজেলা চেয়ারম্যান পদে আমরা আমাদের নৌকা প্রতীক দিয়েছি। আর যেহেতু ওয়ার্ডের ক্ষেত্রে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না সেটাও উম্মুক্ত থাকতেই পারে।

দলে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী হওয়ার আগে, প্রার্থিতা প্রত্যাহারের আগে কাউকে বিদ্রোহী প্রার্থী বলতে পারি না। তবে দেখছি কারা কারা নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পরও বিদ্রোহ করে। এমন কেউ করলে বিষয়টি দেখা হবে। তবে বিষয়টি দেখার জন্য প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন