৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া
১০:৫৬ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২১
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে মেলবোর্ন শহরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর কাছে ম্যানসফিল্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
সোশ্যাল মিডিয়ায় ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেশী দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসেও (এনএসডব্লিউ) ভূমিকম্প অনুভূত হয়েছিল।
ভিক্টোরিয়ার জরুরি সেবাদানকারী সংস্থা বাসিন্দাদের ভূমিকম্পের সম্ভাব্য প্রভাবের (আফটারশক) জন্য সতর্ক থাকতে বলেছে।
কর্তৃপক্ষ বলেছে, যারা ভিক্টোরিয়ায় রয়েছেন তারা বিপদে আছেন। আফটারশকের শঙ্কা রয়েছে, ক্ষতিগ্রস্ত ভবন এবং অন্যান্য বিপদ থেকে দূরে থাকুন। জরুরি অবস্থা ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
সোশ্যাল মিডিয়ায় স্থানীয়রা মেলবোর্নে ক্ষতিগ্রস্ত ভবন এবং ধ্বংসস্তূপের ছবি পোস্ট করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি উঁচু টাওয়ার এবং একটি শহরের হাসপাতালও খালি করা হয়েছে। ক্ষতির কারণে কিছু শহরের ট্রাম লাইন স্থগিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় বড় ধরনের ভূমিকম্প অস্বাভাবিক ঘটনা বলে মনে করা হয়। কারণ মহাদেশটি একটি টেকটনিক প্লেটে কেন্দ্রীয়ভাবে অবস্থিত।
জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর এটি একটি সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে প্রায় ৫০ লাখ মানুষের বাস।
বর্তমানে করোনাভাইরাসের কারণে শহরটিতে লকডাউনে জারি রয়েছে।
সূত্র: বিবিসি