© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদে পশু কোরবানি করায় ৩ আহমদিয়া গ্রেপ্তার পাকিস্তানে

শেয়ার করুন:
ঈদে পশু কোরবানি করায় ৩ আহমদিয়া গ্রেপ্তার পাকিস্তানে
মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ১২ জুলাই, ২০২২
ঈদুল আজহায় পশু কোরবানি করার অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলায় আহমদিয়া সম্প্রদায়ের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদে পশু কোরবানির মাধ্যমে সংখ্যাগুরু মুসলিমদের ‘ধর্মানুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে আহমদিয়া সম্প্রদায়ের এই তিন জনের বিরুদ্ধে।

এ অভিযোগের জেরে ইতোমধ্যে মামলা করা হয়েছে থানায়। সেই মামলার আসামি হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ফয়সালাবাদের তিকরিওয়ালা এলাকায় ঈদুল আজহার জামাত চলার সময় হঠাৎ চাউর হয়ে যায়, নিকটবর্তী আহমদিয়া কলোনির একটি বাড়িতে পশু কোরবানি করা হচ্ছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘মামলার বাদিপক্ষের বেশ কয়েকজন তারপর কলোনিতে যায় এবং সেই বাড়ির আশপাশের কয়েকটি বাড়ির ছাদে উঠে দেখতে পায়, সেই বাড়ির উঠানের একদিকে একটি ছাগল জবাই করা হচ্ছে এবং অপরদিকে কয়েকজন ব্যক্তি খানিকক্ষণ আগে কোরবানি করা একটি ছাগলের মাংস কাটছেন।’

‘এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। কয়েকজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার ভিডিও করেছেন এবং সেই ভিডিও ফুটেজের কপি থানায় জমাও দিয়েছেন।’

মন্তব্য করুন