এবার সিঙ্গাপুর ছাড়লেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে
০৫:৩৩ পিএম | ১১ আগস্ট, ২০২২
স্বল্প-মেয়াদের ভিজিট পাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় থাইল্যান্ডের উদ্দেশ্যে সিঙ্গাপুর ছাড়লেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার সিঙ্গাপুরে অবস্থানের মেয়াদ শেষ হওয়ায় তিনি থাইল্যান্ডে চলে গেছেন বলে সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটি বলেছে, রাজাপাকসে বৃহস্পতিবার সিঙ্গাপুর ত্যাগ করেছেন।
শ্রীলঙ্কার বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর থাই কর্তৃপক্ষ গোতাবায়া রাজাপাকসেকে সাময়িকভাবে থাইল্যান্ডে অব্স্থানের অনুমতি দেয় বুধবার। এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে সিঙ্গাপুর থেকে ব্যাংককের একটি ফ্লাইটে ওঠেন রাজাপাকসে।
ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মানিবক দিক বিবেচনা করে গোতাবায়া রাজাপাকসেকে থাইল্যান্ডে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা জানিয়েছেন। থাই কর্তৃপক্ষ বলেছে, রাজাপাকসের রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনও ইচ্ছা নেই। দেশটিতে তিনি সাময়িক অবস্থান করবেন।
তবে থাইল্যান্ডে অবস্থানকালীন রাজাপাকসে কোনও ধরনের রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রায়ুত।