দিল্লিতে বিজেপি প্রেসিডেন্ট ও সেক্রেটারির সাথে আওয়ামী লীগের বৈঠক
০৭:১৩ পিএম | ০৭ আগস্ট, ২০২৩
দিল্লিতে সে দেশের ক্ষমতাসীন দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
ভারত সফররত বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি বিজেপি প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে'র সাথে পৃথক বৈঠকে মিলিত হয়েছেন।
সোমবার ( ৭ আগস্ট ) দুপুরে বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
এরপর বিজেপি'র সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ে'র সাথে আলোচনায় মিলিত হন বিজেপির আমন্ত্রণে সফররত দলের নেতৃবৃন্দ।
আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বের সাথে আলোচনা হয়েছে বলে জানা গেছে।