২৮ কোটি ৫৩ লাখ ইউরো দেবে জার্মানি
বাংলাদেশকে ২৮ কোটি ৫৩ লাখ ইউরোর উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এছাড়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়স্থল কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে আরও দুই কোটি ৯০ লাখ ইউরো সহযোগিতা দেবে দেশটি
বাংলাদেশকে ২৮ কোটি ৫৩ লাখ ইউরোর উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। এছাড়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়স্থল কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে আরও দুই কোটি ৯০ লাখ ইউরো সহযোগিতা দেবে দেশটি।
সোমবার দুই দেশের প্রতিনিধিদের উন্নয়ন সহযোগিতা সমঝোতা আলোচনায় এই প্রতিশ্রুতি দেয়া হয়।
জার্মানি প্রতিশ্রুত এই অর্থ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, সুশাসন ও শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে প্রদান করবে। এছাড়া সুন্দরবনের ব্যবস্থাপনা সহযোগিতার বিষয়েও দেশটি সম্মত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান খান। অপরপক্ষে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ভোলফ্র্যাম ক্লেইন তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।