© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: কামাল হোসেন

শেয়ার করুন:
একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: কামাল হোসেন
own-reporter
০১:৩০ পিএম | ২৬ মার্চ, ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন বলেছেন, সংবিধানে স্বাধীনতার লক্ষ্য সম্পর্কে বলা আছে, জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তবে তারা সংবিধানবিরোধী কাজ করছে, স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

সংবিধানে ঘোষিত মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ে একতাবদ্ধ হলে তবেই ‘ষোলো আনা মুক্তি ‘ আসবে বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, যারা জনগণকে ওই ‘অধিকার থেকে বঞ্চিত রাখছে’ তারা সংবিধানবিরোধী কাজ করছে।

বঙ্গবন্ধুর শিক্ষার কথা স্মরণ করে কামাল হোসেন বলেন, ‘তিনি সবসময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।’

আওয়ামী লীগ বর্তমানে বাকশাল ফিরিয়ে আনতে চাইছে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করেন- সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল বলেন, ‘একনায়কতন্ত্র যেন না আসে সেটাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিশ্চিত করতে হবে। আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিখেছিলাম।’

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, ‘ষোলো আনা মুক্তি পেতে গেলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থা কার্যকর ও বাস্তবে রূপ দিতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।’

জনগণের ঐক্যকে ‘সব শক্তির ভিত’ হিসেবে বর্ণনা করে কামাল বলেন, ‘সে শক্তি থেকে যারা আমাদের বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।’

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন