© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন বিতরণ সোমবার

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন বিতরণ সোমবার
own-reporter
০১:১৮ পিএম | ২৭ মার্চ, ২০১৯

ঘোষিত তফসিল অনুযায়ী নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ মে। সিটি নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে সোমবার।

বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের ১ থেকে ৩ এপ্রিল বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৩ এপ্রিল বিকেল ৫টার মধ্যে তা জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা হবে। সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের একটি প্যানেলের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ৩ এপ্রিল বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ মে।

নবগঠিতে এই সিটি কর্পোরেশনের ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

আরও পড়ুন...

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোট ৫ মে

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন