শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন
০৯:৫৩ পিএম | ০৯ জানুয়ারি, ২০২৪
প্রয়াত হলেন ভারতের জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে মঙ্গলবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩.৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় গত নভেম্বর মাস থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা খারাপ হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যু কালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। সঙ্গীত জগতের এই নক্ষত্রপতনে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগৎ তথা গোটা উপমহাদেশে।
রশিদ খানের শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেল নতুন জেনারেশেনের কাছে প্রশ্নতীত জনপ্রিয়তা পেয়েছে। পন্ডিত ভীমসেন যোশী রশিদ খান সম্পর্কে বলেছিলেন যে, ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ রশিদ খানের হাতে নিশ্চিন্ত। সঙ্গীতের জগতে পন্ডিতজীর মানও রেখেছেন উস্তাদ রশিদ খান। ২০০৬ সালে তিনি ‘পদ্মশ্রী’ ও ‘সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হন। ২০২২ সালে পান ‘পদ্মভূষণ’ সম্মান।
উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের । তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। এই ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ-সাহিব। এই ঘরানারই আরেক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে তালিম নিয়েছিলেন রশিদ। যিনি ছিলেন রশিদের দাদু।
গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ খান। সম্পর্কে তিনি তার মামা। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও বহু ফিউশন, বলিউড এবং টালিউডের সিনেমাতেও গান গেয়েছেন এই শিল্পী। গানের জগতে হঠাৎ এমন নক্ষত্র পতনে শোকের ছায়া নেমেছে দুই বাংলার সংগীতাঙ্গনে।