হার্ট অ্যাটাকে মারা গেলেন ভারতীয় অভিনেতা ঋতুরাজ সিং
০৫:৩৩ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৪
না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং। সোমবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
অভিনেতার পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা ঋতুরাজ। অগ্ন্যাশয়ের সমস্যা শনাক্ত হয়েছিল তার। গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে অভিনেতার মৃত্যুর খবর জানান তার বন্ধু অভিনেতা অমিত বহেল। এই অভিনেতার ভাষ্যমতে―হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঋতুরাজের। কয়েক দিন আগেই অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেও ফিরেছিলেন।
১৯৬৪ সালে রাজস্থানের কোটায় জন্ম অভিনেতা ঋতুরাজের। তার বেড়ে উঠা ও পড়ালেখা দিল্লিতে। থিয়েটারের মঞ্চ থেকেই অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ধারাবাহিকভাবে নিজের নিজস্ব পরিচয় তৈরি করে নেন এ অভিনেতা।
ঋতুরাজ ‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘হাম তুম অউর গোস্ট’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন। এছাড়া ‘অনুপমা’ ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকের। সম্প্রতি ‘ইয়ারিয়া টু’ সিনেমায় দেখা গিয়েছিল এ বলিউড তারকাকে।