দিল্লির তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস, ভারতের ইতিহাসে সর্বোচ্চ
০৬:৪৬ পিএম | ২৯ মে, ২০২৪
আজ বুধবার ভারতের রাজধানি নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস (১২৬ দশমিক এক ডিগ্রি ফারেনহাইট)।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, দিল্লি রাজ্যে 'ভয়াবহ মাত্রার তাপদাহ' চলছে।
অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, নয়াদিল্লির শহরতলীর মুঙ্গেশপুর এলাকায় বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড সৃষ্টি হয়, যা রাজস্থানের মরুভূমির আগের রেকর্ড তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি বেশি।
স্টেটসম্যান জানিয়েছে, সোমবারও মুঙ্গেশপুরে সারা দেশের সর্বোচ্চ ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।