কাকে বিয়ে করছি তা কারও চিন্তার বিষয় হতে পারে না, সংসার তো করব আমি : অভিনেত্রী চমক
০৬:০০ পিএম | ২৩ জুন, ২০২৪
ক’দিন হলো বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। স্বামী আজমান নাসিরকে নিয়ে অবসর যাপনের জন্য এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন তারা। সেখান থেকেই বিভিন্ন সময় নিজেদের আনন্দঘন মুহূর্তগুলো তুলে ধরছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। আর এক থেকে দুই হওয়ার খবর প্রকাশ করতেই সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভকামনা পাচ্ছেন এ তারকা।

শুভ কামনা পেলেও একইসঙ্গে নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছেন অভিনেত্রী চমক। এসব আবার দৃষ্টি কেড়েছে তার। ফলে তার জবাবও দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা থেকেই এক ভিডিও বার্তায় স্বামীকে নিয়ে কথা বলেছেন।
অভিনেত্রী চমক বলেন, আমি রাজকুমারকে বিয়ে করছি নাকি রাজাকে করছি, রাস্তার ফকিরকে বিয়ে করছি, নাকি একজন খারাপ মানুষ বা অপরাধীকে বিয়ে করছি বা অসম্ভব বাজে একজন মানুষকে বিয়ে করছি, নাকি অসাধারণ মানুষকে বিয়ে করছি, সে দেখতে খুব সুন্দর বা অসুন্দর কিংবা চালাক অথবা একটা বোকা―এসব মনে হয় কারও চিন্তার বিষয় হতে পারে না। সংসারটা তো করব আমি, এ জন্য আমার সংসার আমাকেই করতে দিন।
সুদূর শ্রীলঙ্কা থেকে পোস্ট করা ভিডিওবার্তার একপর্যায়ে তিনি বলেন, দীর্ঘ সময় একসঙ্গে থাকার পরও জানা যায় না, মানুষটি ভালো না খারাপ। এত অল্প সময়ে
মানুষটিকে কীভাবে বিচার করব আমি? তবে এই মুহূর্তে মানুষটির সঙ্গে আমি সুখী। এটাও সত্য, আগামীতে এই মানুষটির সঙ্গে ভালো থাকব কিনা, আগামী বছর সে আমাকে একইভাবে ভালোবাসবে কিনা বা আমিও তাকে বাসব কিনা, জানি না। এ জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, এত মানুষকে নিয়ে না ভেবে, আসুন বর্তমানে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুবই ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকাই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত এনজয় করা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মানুষ ছোট্ট জীবনে এত খারাপ কিছু চিন্তা করে। কত হিংসা-বিদ্বেষ, কত কিছু। এতসব বাদ দিয়ে না হয় একটু ভালো থাকার চেষ্টা করি আমরা। আপনিও জীবনে ভালো থাকার চেষ্টা করুন। জীবনে হতাশা থাকতেই পারে। কষ্ট থাকতে পারে, চাওয়া-পাওয়ার অমিলও থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। চেষ্টা করুক সব ঠিক রাখতে।
অভিনেত্রী চমক বলেন, খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করুন। যখন অন্যরাও ভালো থাকে, তার প্রশংসা করার চেষ্টা করুন। দেখবেন আসলেই জীবন সুন্দর। আমি নিজে কখনো এত কিছু মাথা ঘামাই না। আমার কাছে যখন যেটা ভালো লাগে, আমি সেটিই করি। আমি চাই, আমার আশপাশের মানুষগুলো সবাই ভালো থাকুক, আর আমিও ভালো থাকি।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে ডেবিউ করেন চমক। লেখাপড়ার বিরতি কাটিয়ে ২০২০ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করেন। স্বল্প সময়ের এই ক্যারিয়ারে ওটিটিতেও কাজ করেছেন তিনি। তার অভিনীত নাটক ও সিরিজের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’।