ড. ইউনূসকে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
০৪:১৫ পিএম | ১৫ আগস্ট, ২০২৪
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। বুধবার (১৪ আগস্ট) ফোনকলে তিনি ড. ইউনূসকে অভিনন্দন জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ড. ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করা লঙ্কান বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকতে এবং বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন।
এ সময় ড. ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ৮ আগস্ট সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস। একইদিন শপথ নেন আরও ১৩ জন উপদেষ্টা। এছাড়া ১১ আগস্ট আরও দুই উপদেষ্টা শপথ নেন।