© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্যায় মানুষের পাশে মানুষ: ববিতা বললেন, এটাই বাংলাদেশিদের চিরায়ত রূপ

শেয়ার করুন:
বন্যায় মানুষের পাশে মানুষ: ববিতা বললেন, এটাই বাংলাদেশিদের চিরায়ত রূপ
মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ২৬ আগস্ট, ২০২৪
ভয়াবহ বন্যায় ভাসছে দেশের ১২টি জেলা। আক্রান্ত ৫০ লাখের বেশি মানুষ। সেসব বানভাসীদের কাছে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে ছুটে যাচ্ছেন সারা দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে সেসব দৃশ্য দেখে চিত্রনায়িকা ববিতা বললেন, ‘এটাই বাংলাদেশিদের চিরায়ত রূপ।’

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী গত ১৭ দিন ধরে রয়েছেন সুদূর কানাডায়। সেখানে পড়াশোনা শেষে চাকরি করছেন তার একমাত্র ছেলে অনিক। সে কারণে প্রায়ই দেশটিতে যান ববিতা। এবার গেছেন গত ৯ আগস্ট। সেখান থেকে দেশের গণমাধ্যমকে বন্যা পরিস্থিতি নিয়ে নিজের অভিব্যক্তি জানান নায়িকা।

ববিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত কানাডায় অনেক উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটছে। নানা সংবাদমাধ্যমে তো খবর শুনছি, পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও আপডেট নিচ্ছি।’

অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে স্মরণকালের এ বন্যা প্রতিরোধে সব শ্রেণির মানুষ যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছে, তাতে আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশিরা জীবন বাজি রেখে কাজ করতে পারে।’

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করছে, আবার তারা খাদ্যও সরবরাহ করছে। নিরাপদ জায়গায় এনে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ কেউ ব্যক্তিগভাবে ফান্ড সংগ্রহ করে নানা ধরনের খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে থাকছে।’

সবশেষে ববিতা বলেন, ‘সবার মধ্যে এই যে বন্যাদুর্গতদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা, এটাই বাংলাদেশিদের চিরায়ত রূপ। আল্লাহর কাছে দোয়া করি, দ্রুত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই।’

গত জুলাইয়ের মাঝামাঝি দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হন ববিতা। অবস্থা খারাপ দেখে ভর্তি হয়েছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ২২ জুলাই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাসায় ফেরেন তিনি। তারপর থেকে বাসাতেই বিশ্রামে ছিলেন নায়িকা।

তখন দেশজুড়ে চলছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যা এক পর্যায়ে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। অবশেষে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর চার দিনের মাথায় কানাডায় ছেলের কাছে উড়াল দেন ববিতা।

মন্তব্য করুন