© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরায়েলি হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৭৪

শেয়ার করুন:
লেবাননে ইসরায়েলি হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২৭৪
মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৪
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২১ জন শিশু এবং ৩৯ জন নারী রয়েছেন। এ ঘটনায় সাত শতাধিক মানুষ আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে জানিয়েছিল, সোমবারের ইসরায়েলি হামলায় নারী, শিশু ও চিকিৎসকসহ কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পরে জানানো হয় ১৮২ জন নিহত এবং ৭২৭ জন আহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে নেয়ার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা।

এদিকে সোমবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, আমরা লেবাননে আমাদের আক্রমণ জোরদার করছি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে যাতে উত্তরের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারেন। তাই ইসরায়েলি জনগণকে সংযম দেখাতে হবে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, এ পর্যন্ত ৩০০টির বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রেখেছে এমন সব বাড়িতে বিমান হামলা করবে ইসরায়েল।

মন্তব্য করুন