বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার
০৭:০২ পিএম | ২৭ অক্টোবর, ২০২৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে শিক্ষার্থীরা রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রাইভেটকারটি জব্দ করেছে।