© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় নববর্ষের রাতে বিএনপি নেতা খুন

শেয়ার করুন:
বগুড়ায় নববর্ষের রাতে বিএনপি নেতা খুন
country-desk
০৯:২৩ এএম | ১৫ এপ্রিল, ২০১৯

বগুড়ায় পহেলা বৈশাখে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাহবুব আলম শাহীন (৫৫) সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাতে বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকার বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে শহরের নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকার একটি শরীর চর্চা কেন্দ্র থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ৪-৫জন শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে শাহীন আগেই মারা গেছেন।

খবর শুনে জেলা পুলিশ সুপার আলী আশরাফসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে লাশ দেখতে যান।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি সাংবাদিকদের বলেন, শাহীনকে কারা, কেন হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। খুনিরাও চিহ্নিত হয়নি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন রাত ১২টার দিকে শজিমেক হাসপাতালে যান।

তারা এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন