ভারত অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে,১৮ কোটি মানুষ বসে থাকবে না:উপদেষ্টা সাখাওয়াত
০৩:১৪ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২৪
ভারত বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরের একটি প্রকল্পের পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। ভারতীয় কিছু মিডিয়া ও রাজনৈতিক নেতা এই অস্থিরতা সৃষ্টির পেছনে ইঙ্গিত দিচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা সাখাওয়াত।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, ভারত-বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট হলে ভারত ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ নয়।
দেশের অর্থনীতির অন্যতম মাধ্যম পোশাক শিল্পের প্রতিষ্ঠান গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেসব গার্মেন্ট বন্ধ হয়েছে। এখানে শ্রমিকের দোষ দিলে হবে না, কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। এছাড়া যেসব পোশাক কারখানা ঋণগ্রস্ত, যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি নারায়ণগঞ্জ নদী বন্দরের মাল্টিপল জেটি ও আধুনিক লঞ্চঘাট নির্মাণ পরিদর্শন করে জানান, নদী রক্ষার তার নৌ মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা সোমবার দুপুরের দিকে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এই হামলা চালান। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।