বাংলাদেশকে সমর্থন করে ইরান:রাষ্ট্রদূত
০৪:১৩ পিএম | ০৩ ডিসেম্বর, ২০২৪
ইরান বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন করে এবং শুরু থেকেই বাংলাদেশ-ইরান ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মনসুর চাভোশি। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ইরানি চলচ্চিত্র উৎসব-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও ফিল্ম ক্লাব এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, যা চলবে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, বাংলাদেশ-ইরান সম্পর্ক বড় করার ক্ষেত্রে এই চলচ্চিত্র একটি বিশাল সুযোগ। চলচ্চিত্র এমন একটি শিল্প যেটি বিশ্বের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরা যায়, ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা তুলে ধরা যায়।
ইরানের রাষ্ট্রদূত আরও জানান, বর্তমান সময়ে ইরানের চলচ্চিত্র শিল্প বিশ্বে আলোড়ন তৈরি করছে। ইরান-বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, ইরানের কবি সাহিত্যিক বিশেষ করে শেখ সাদিসহ অন্যান্যদের সঙ্গে বাংলাদেশের মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আজকের এই উৎসব আমাদের দুই দেশের সম্পর্ক, বন্ধুত্বকে সুদৃঢ় করবে। ইরানের সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে তুলবে। এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর হবে। এ ছাড়া তিনি জুলাই আন্দোলনের শহিদদের কথা শুরুতে তুলে ধরেন।
এ সময় ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী বলেন, আমি মনে করি এই চলচ্চিত্র উৎসব ইরান ও বাংলাদেশ সম্পর্ক ও যোগাযোগ উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ইরানের চলচ্চিত্র শুধু আনন্দই দেয় না, এর গুণগত মান আছে। ফিলিস্তিনিদের নিয়ে অনেক ইরানি চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেখানে ফিলিস্তিনিরা কীভাবে নির্যাতিত-নিপীড়িত হচ্ছে এবং তারা কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা চলচ্চিত্র শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নিস্তার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমিন এবং চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি।
মঙ্গলবার উদ্বোধনী দিনে দেখানো হচ্ছে ইব্রাহিম হাতামি কিয়া পরিচালিত ‘বডিগার্ড’ সিনেমা। অন্যান্য দিনে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি পরিচালিত ‘দি চিল্ড্রেন অব হ্যাভেন’, ‘দি সংস অব স্প্যারো’, ‘দি কালার অব প্যারাডাইস’ সিনেমা এবং আব্বাস কিয়ারোস্তামি পরিচালিত ‘টেস্ট অব চেরি’ এবং সাইফুল্লাহ দাদ পরিচালিত চলচ্চিত্র ‘দি সারভাইভার’ সিনেমা দেখানো হবে। এসব সিনেমা বিনামূল্যেই দেখানো হবে।