বছরে ১৪৮টি ভুয়া তথ্য প্রচার করেছে ভারতের গণমাধ্যম!
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়িয়েছে ভারতের ৭২টি গণমাধ্যম। ২০২৪ সালে বাংলাদেশ নিয়ে অন্তত ১৪৮টি ভুয়া অথবা অপতথ্য প্রচার করেছে দেশটির গণমাধ্যম। যার মধ্যে বেশি ভুয়া তথ্য প্রচার হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, আগস্ট ও ডিসেম্বর মাসে। ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
২০২৪ সালে বাংলাদেশকে জড়িয়ে ছড়ানো ভারতীয়দের অপতথ্য–সংক্রান্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার জানিয়েছে, পুরোপুরি মিথ্যাসংবলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে ১০২টি। বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে ৪২টি। বিকৃত তথ্য ৪টি। সব মিলিয়ে প্রতি আড়াই দিনে ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে একটি করে ভুল তথ্যের প্রচার করেছে।
এমন কাজে যুক্ত ছিল ভারতের মোট ৭২টি গণমাধ্যম। যেগুলো প্রায় ৩২টি বিষয়ে মোট ১৩৭টি প্রতিবেদন’ প্রকাশ করেছে। যেগুলোতে বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। যেগুলো ভারতে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে থেকে দেখা হয়েছে প্রায় ২৫ কোটি বার।
শুধুমাত্র গণমাধ্যমগুলোই নয়, ভারতের একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত ছিলেন এমন অপতথ্য ছড়ানোর কাজে। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে তাই উঠে এসেছে, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর নাম।
টিএ/