ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান তারেক রহমানের
ছবি: সংগৃহীত
০৩:২৪ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে। গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায়, ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যেকোনো উপায়ে থাকতেই হবে।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, আমরা যখন দেখেছি যখন সময় এসেছে শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। জিয়াউর রহমান বহু মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। একইসাথে প্রবাসী এবং আমাদের গার্মেন্টস শিল্পের মাধ্যমে জিয়াউর রহমান দেশকেও বিশ্বদরবারে তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন তারেক রহমান।
টিএ/