© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত না হয়ে শোকবার্তা, বিএনপির দুঃখ প্রকাশ

শেয়ার করুন:
মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত না হয়ে শোকবার্তা, বিএনপির দুঃখ প্রকাশ
central-desk
০৯:১৬ পিএম | ২১ এপ্রিল, ২০১৯

জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত না হয়ে গণমাধ্যমে শোকবার্তা পাঠানোয় দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

রোববার দেশের গণমাধ্যমে প্রকাশ হয় যে, বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাহফুজ উল্লাহ।

তার মৃত্যুর খবর বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে নিশ্চিত করেন।

এ খবর প্রকাশের পর তার রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দেয় বিএনপি।

তবে দিন শেষে সন্ধ্যার দিকে মাহফুজ উল্লাহর বড় ভাই অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, তারা কোনো সূত্র থেকেই মাহফুজ উল্লাহের মৃত্যুর খবর জানতে পারেননি। চিকিৎসকরাও নিশ্চিত করে পরিবারকে কিছু বলেনি। তবে তার অবস্থা সংকটাপন্ন।

এরপর রোববার সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারি যে, দেশের বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ আজ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

এই সংবাদের ওপর ভিত্তি করে বিএনপি’র পক্ষ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর একটি শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

কিন্তু পরবর্তীতে জানা যায় যে, জনাব মাহফুজ উল্লাহ মৃত্যুবরণ করেননি, তবে তার অবস্থা সংকটাপন্ন। এই অনাকাঙ্খিত ভুলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।

দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন জনাব মাহফুজ উল্লাহকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন