সুবিধা নয়, লেভেল প্লেয়িং ফিল্ড চাই : ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
হয় যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, অন্যথায় চড়া শুল্ক পরিশোধ করুন। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন ট্রাম্প। এসময় যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনে বিশ্বের ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে কর কমানোর প্রতিশ্রুতি দেন তিনি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট শপথ নিয়েই প্রথম আন্তর্জাতিক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী দেশগুলোসহ কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।
হুঁশিয়ারি দেন, ব্যবসায়ীরা যদি অন্য কোথাও পণ্য উৎপাদন করেন তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানিতে পরিশোধ করতে হবে চড়া শুল্ক। ওয়াশিংটন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকা নতুন ভাবে ফিরে এসেছে এবং ব্যবসার জন্য তৈরি। বিশ্বের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহজ বার্তা দিয়ে তিনি বলেন, ‘আসুন, যুক্তরাষ্ট্রে এসে পণ্য তৈরি করুন এবং আপনাদের জন্য ধার্য করা কর থাকবে বিশ্বের সবচেয়ে কম করের মধ্যে।’
হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদ শুরুর দুইদিনের মাথায়ই যুক্তরাষ্ট্রে কর্পোরেট ট্যাক্স ২১ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প। তবে সে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজ রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে তার রাজনৈতিক মিত্রদের সম্মতি।
দেশটির আইন প্রণেতারাও জানিয়েছেন, ইতোমধ্যে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ছাঁট করা আয়কর এবং কর্পোরেট ট্যাক্স নতুন করে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। যত দ্রুত সম্ভব আয়কর কমানোর চেষ্টা করছে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস।
দাভোসে বিশ্বনেতাদের উপস্থিতিতে ইউরোপকে প্রয়োজনীয় এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেন ট্রাম্প । অবশ্য তিনি অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন তাদের জোটভুক্ত ২৭টি দেশে বিনিয়োগ ও কোম্পানিগুলোর ওপর অতিমাত্রায় বিধিনিষেধ জারি করে যুক্তরাষ্ট্রর সাথে ‘খুবই অন্যায্য’ ব্যবহার করছে।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে উৎপাদনকারী পরাশক্তিতে পরিণত করারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। বলেন, বিশ্ব অর্থনীতি চাঙ্গা করতে সৌদি আরব এবং তেল রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক-কে তেলের দাম কমানোর জন্য অনুরোধ করবে তার প্রশাসন।
তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সাথে ‘ন্যায্য সম্পর্ক’ চায়। ওয়াশিংটন-বেইজিং দ্বৈরথমূলক সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা সুবিধা নিতে চাই না, আমরা শুধু লেভেল প্লেয়িং ফিল্ড চাই।’
টিএ/