© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যান্সের টাইব্রেক ভোটে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

শেয়ার করুন:
ভ্যান্সের টাইব্রেক ভোটে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
১১:০০ এএম | ২৬ জানুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সেনেট। স্থানীয় সময় ২৪ জানুয়ারি সেনেটে ভোটাভুটির মধ্য দিয়ে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হয়। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের তীব্র বিরোধিতা করেন সেনেট ডেমোক্র্যাটরা। তাদের কাতারে শামিল হন বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও।

সেনেট সদস্যদের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও হেগসেথের পক্ষে ও বিপক্ষে ৫০টি করে ভোট পড়ে। ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানের তিন সদস্যও তার বিপক্ষে ভোট দেন। পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সেনেটে ভোট দিতে আসেন ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

জে ডি ভ্যান্স প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের পক্ষে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চূড়ান্ত হয় হেগসেথের নিয়োগ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাইব্রেক ভোটে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ চূড়ান্ত হলো।

প্রথম ঘটনাটিও ট্রাম্পের শাসনামলেই ঘটেছিল। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের নিয়োগ চূড়ান্ত করতে ভাইস প্রেসিডেন্টের ভোট লেগেছিল। হেগসেথের বিরুদ্ধে ভোট দেয়া তিন রিপাবলিকান সেনেটর লিসা মুরকৌস্কি, সুসান কলিন্স ও মিচ ম্যাককনেল।

ভোটে জয়ের পর পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন পিট হেগসেথ। তিনি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের সাবেক কর্মী। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পরপরই ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেন।

এরপর একেরপর এক সামনে আসতে থাকে হেগসেথের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন, অতিরিক্ত মদ পানসহ বিভিন্ন অভিযোগ। এ অবস্থায় অনিশ্চয়তায় পড়ে তার মনোনয়ন। অবশ্য হেগসেথ বারবারই মদ পানসহ অসদাচরণের সব অভিযোগ অস্বীকার করেছেন। নিয়োগ নিশ্চিত হলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সময় তিনি মাদক নেবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

হেগসেথের পক্ষ সমর্থনকারী রিপাবলিকান সেনেটররা যুক্তি দেখিয়েছেন, হেগসেথ বিশ্বাসঘাতকতা, অতীতে মদ পানের অভিযোগসহ ব্যক্তিগত ব্যর্থতাগুলো স্বীকার করেছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের যুদ্ধজয়ের মূল লক্ষ্যকে মনোযোগের কেন্দ্রে ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনিই সঠিক ব্যক্তি।

টিএ/

মন্তব্য করুন