ট্রাম্প থাকলে ঠেকানো যেত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ!
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ২৭ জানুয়ারি, ২০২৫
ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে ঠেকানো যেত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এমন অচিন্ত্য মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত আছেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। বাইডেন প্রশাসন অকারণে এই সংকটকে দীর্ঘায়িত করেছে বলেও অভিযোগ করেন তিনি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর বিষয়টি নিয়ে এবারই প্রথম ট্রাম্পের সঙ্গে সুরে মেলালেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন রুশ প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে সে কথা টেনে পুতিন বলেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে একমত। তিনি যদি ২০২০ সালের নির্বাচনে জয় পেতেন তাহলে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংকট এত গভীর হত না।’
ট্রাম্পও তার নির্বাচনি প্রচারে বলেছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি এক দিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। অবশ্য দায়িত্ব নিয়ে ইউক্রেন সংকট সমাধানে তার প্রশাসনের ইউক্রেন ও রাশিয়াবিষয়ক বিশেষ দূত কেইথ কেলোগকে ১০০ দিন সময় দিয়েছেন ট্রাম্প।
ইউক্রেনে কীভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি যুদ্ধ বন্ধ করতে শান্তি চুক্তি চান। সে লক্ষ্যে পুতিনকেও সাহায্য করার আহ্বান জানান জেলেনস্কি।
ইউক্রেন প্রেসিডেন্টের কথাকে গুরুত্ব দিয়ে পুতিনকে আলোচনার প্রস্তাব দেন ট্রাম্প। জানান শিগগিরই তারা বৈঠক করবেন। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েছেন পুতিনও। বলেন, রাশিয়াও যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত। শান্তি চুক্তির জন্য অনেক আলাপ-আলোচনা প্রয়োজন। আমরা সে দুয়ার খোলা রাখছি।
টিএ/